ব্রাহ্মণবাড়িয়ার দাতিয়ারা এলাকায় অবস্থিত সুমাইয়া (রা.) মহিলা মাদ্রাসার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। তীব্র শীতের প্রভাব থেকে শিক্ষার্থীদের সুরক্ষা এবং তাদের শিক্ষাজীবনকে গতিশীল করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
মানবাধিকার সংগঠন ‘কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড’ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে 1 One Foundation।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 1 One Foundation-এর এক্সিকিউটিভ ডিরেক্টর মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জান্নাতুল ফেরদৌসী (ডিরেক্টর, 1 One Foundation), ফজলুল হক মৃধা (পরিচালক, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড) এবং আলহাজ্ব সফিকুল ইসলাম খাঁন (পরিচালক, সুমাইয়া (রা.) মহিলা মাদ্রাসা)।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক সুপানুল ইসলাম সোপান, সাজেদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি এম এ সোহেল আহমেদ।
বক্তারা বলেন, “শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসা জরুরি। এই ধরনের উদ্যোগ ছাত্রীদের পড়াশোনায় আরও অনুপ্রেরণা জোগাবে।”
এ সময় বক্তারা 1 One Foundation-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আব্দুল্লাহ আল আহাদ-এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন, যার দিকনির্দেশনা ও সহযোগিতায় এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন শীতবস্ত্র ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। হাড়কাঁপানো শীতে নতুন পোশাক ও শিক্ষাসামগ্রী পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে।
আয়োজক সংগঠন জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম জেলা জুড়ে অব্যাহত থাকবে।