ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের বাঘী গ্রামে সিদ কেটে ঘরে ঢুকে তিন মাস বয়সী এক শিশু চুরির চেষ্টা করেছে এক নারী। এ ঘটনায় স্থানীয়দের হাতে আটক হলেও পরে তিনি গা ঢাকা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে আতঙ্কে দিন কাটছে শিশুটির মা বিধবা খেলন সরকারের।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের সোহেল সরকারের স্ত্রী শিউলি সরকার বৃহস্পতিবার রাত আনুমানিক দশ টার দিকে খেলন সরকারের রাস্তার পাশের বসতঘরে সিদ কেটে প্রবেশ করে। পরে গভীর রাতে খেলন সরকার ঘুমিয়ে পড়েছেন বুঝতে পেরে রাত প্রায় দুইটার দিকে তিন মাস বয়সী শিশুটিকে বিছানা থেকে তুলে নেওয়ার চেষ্টা করে।
এ সময় শিশুটি কান্না শুরু করলে তার মা খেলন সরকার জেগে ওঠেন। অন্ধকারে শিশুটিকে নিয়ে মা ও অভিযুক্ত নারীর মধ্যে টানাটানি শুরু হয়। একপর্যায়ে শিশুটি মাটিতে পড়ে যায়। খেলন সরকারের চিৎকারে আশপাশের লোকজন ও গ্রামবাসী ছুটে এসে শিউলি সরকারকে আটক করেন।
গ্রামবাসীরা জানান, জিজ্ঞাসাবাদে শিউলি ঘটনাটি স্বীকার করেন।
এ সময় তার সঙ্গে থাকা একটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগে শিশুদের ল্যাকটোজেন দুধ, নতুন দুই সেট কাপড়, শিশুকে জড়িয়ে রাখার তোয়ালে, বিভিন্ন শিশু খাদ্য এবং কালো পলিথিনে মোড়ানো চেতনানাশক পাউডার পাওয়া গেছে বলে দাবি করেন স্থানীয়রা।
পরে ঘটনার রাতেই গ্রামবাসী সালিশের শর্তে অভিযুক্ত শিউলিকে তার শ্বশুরবাড়ির লোকজনের জিম্মায় তুলে দেন। তবে এরপর থেকেই তিনি গা ঢাকা দিয়েছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। শিউলির শ্বশুরবাড়িতে সরেজমিনে গিয়ে বসতঘরে কাউকে পাওয়া যায়নি।
এদিকে আবারও কেউ শিশুটিকে চুরি করে নিয়ে যেতে পারে—এই আশঙ্কায় আতঙ্কে নির্ঘুম রাত কাটছে দুঃখীনি মা খেলন সরকারের।
স্থানীয় ইউপি সদস্য প্রতুল সরকার বলেন, “ঘটনাটি দুঃখজনক। তবে শিউলি অন্তঃসত্ত্বা হওয়ায় তাকে আপাতত তার শ্বশুরবাড়ির হেফাজতে রাখা হয়েছে।”
সাবেক ইউপি সদস্য হীরালাল বিশ্বাস বলেন, “সেদিন রাতের চিৎকার শুনে ঘটনাস্থলে যাই। গ্রামবাসী খুবই উত্তেজিত ছিল। শিউলি প্রায় আট মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় তাকে আপাতত পরিবারের জিম্মায় রাখা হয়েছে। পরে বিষয়টি নিয়ে বিচার সালিশ করা হবে।”
সংরক্ষিত মহিলা ইউপি সদস্য চঞ্চলা রানি দাস বলেন, “শিউলি একজন শিশু পাচারকারী। সে এর আগেও অনেক শিশু পাচার করেছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।