জহির শাহ্,
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তুচ্ছ একটি বিষয়—মোবাইলের টর্চলাইটের আলো—নিয়ে বিরোধের জেরে মুসাব্বির ওরফে বাবলু (২২) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই বন্ধু মাসাকিন ও সুজন মিয়া গুরুতর আহত হয়েছেন।
শনিবার দিবাগত রাতে উপজেলার চাতলপাড় ইউনিয়নের বড়নগর গ্রামের গোজিয়াখাই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুসাব্বির ওই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
স্থানীয় সূত্র ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, ঈদের দিন সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরির সময় অন্ধকারে চলার পথে মুসাব্বির মোবাইলের টর্চলাইট জ্বালান। এ সময় সড়কের পাশে বসে থাকা তাকবির, তানভীরসহ কয়েকজনের চোখে আলো পড়ায় তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে স্থানীয়রা বিষয়টি সাময়িকভাবে মীমাংসা করে দেয়।
তবে রাতে পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, পূর্বের ঘটনার জেরে রাতে গোজিয়াখাই এলাকার একটি দোকানে অবস্থানকালে মুসাব্বির ও তার বন্ধুদের ওপর অতর্কিত হামলা চালায় তাকবির, তানভীর, হাসানসহ কয়েকজন। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে মুসাব্বির গুরুতর জখম হন এবং তার দুই সঙ্গীও আহত হন।
পরে স্বজনরা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন। আহত মাসাকিন ও সুজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ লাল ঘোষ বলেন, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”