নিহারেন্দু চক্রবর্তী
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অভিযান চালিয়ে প্রায় দশ লাখ টাকা মূল্যের অবৈধ রিং জাল ও কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ এপ্রিল) উপজেলার টেকানগর এলাকার বাকলংগন নদীতে ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ঊনিশশত পঞ্চাশ’ বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফীন।
অভিযানকালে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে দুইশত ত্রিশ টি রিং জাল ও প্রায় এক হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে জনসম্মুখে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশের একটি দল অংশ নেয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মৎস্য সম্পদ রক্ষা ও দেশীয় প্রজাতির মাছের বংশবিস্তার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।