ব্যাঙ বাঁচলে বাঁচবে পরিবেশ: ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতা কর্মসূচি।

নিজস্ব প্রতিনিধি 

ব্যাঙ একটি উভচর প্রাণী, যা কর্ডাটা পর্বের ভার্টিব্রাটা উপপর্বের অন্তর্গত। এটি পরিবেশে বায়ো-ইন্ডিকেটর হিসেবে কাজ করে এবং কীটপতঙ্গ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এদের আবাসস্থল ধ্বংস, দূষণ, জলবায়ু পরিবর্তন ও অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে এদের সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও সংরক্ষণ উদ্যোগ জোরদার করার লক্ষ্যে Snake Rescue Team Bangladesh-এর উদ্যোগে “১৮তম বার্ষিক ব্যাঙ সংরক্ষণ দিবস ২০২৬” উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া সদরে এক বর্ণাঢ্য র‍্যালি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালনে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন SAVE THE FROGS! ও বাংলাদেশ বনবিভাগ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের ঐতিহ্যবাহী ট্যাঙ্কের পাড় এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা সচেতনতামূলক স্লোগান, ব্যানার, ফেস্টুন নিয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এসে সমবেত হন।

উক্ত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা ব্যাঙ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। আয়োজনে নেতৃত্ব দেন Snake Rescue Team Bangladesh-এর বোর্ড মেম্বার মোঃ জুবাইদুর রহমান মেহেদী, মোঃ সাব্বির আহাম্মেদ (অফিসার, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি) এবং সংগঠনের সভাপতি প্রীতম সুর রায়। স্বেচ্ছাসেবক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন রোমন শেখ, আশরাফুল ইসলাম, তাছিন আরাফাত ও ওমর ফারুকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনটির উপদেষ্টা জনাব সজীব বিশ্বাস (গবেষক, ল্যাবরেটরি অব অ্যানিম্যাল বিহেভিয়ার অ্যান্ড কনজারভেশন, নানজিং ফরেস্ট্রি ইউনিভার্সিটি, চীন)।

র‍্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ব্যাঙ কেবল একটি সাধারণ উভচর প্রাণী নয়; বাস্তুতন্ত্রে এদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণের মাধ্যমে কৃষি ও পরিবেশকে সহায়তা করে এবং খাদ্যশৃঙ্খলের একটি অপরিহার্য অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখে। তাই ব্যাঙ ও তাদের প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয় এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইন যথাযথভাবে মেনে চলার উপর গুরুত্বারোপ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন তরী বাংলাদেশের আহবায়ক শামীম আহমেদ, সমন্বিত সংস্কৃতির বিকাশ কেন্দ্রের দপ্তর সম্পাদক জয়ন্তি বিশ্বাস, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মোঃ আরজু মিয়া, তরী বাংলাদেশের সদস্য সোহেল রানা ভূইয়া ও হৃদয় কামাল, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহবায়ক মোঃ সাবের হোসেন, কবি মনিরুল ইসলাম শ্রাবণসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

Snake Rescue Team Bangladesh বিশ্বাস করে, সকলের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে ব্যাঙসহ অন্যান্য বন্যপ্রাণী সংরক্ষণ করা সম্ভব এবং এর ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যাবে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *