নিজস্ব প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোটরসাইকেল ও ৬ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি মোঃ রুবেল ও তার সহযোগী স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রুবেলের বিরুদ্ধে পূর্বের ১৩টি এবং তার স্ত্রীর বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
আজ ১৭ মে (রবিবার) সকাল ১১:৫০ ঘটিকায় বিজয়নগর থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২নং চান্দুরা ইউনিয়নের সাতগাঁও এলাকায় এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন— আখাউড়া উপজেলার রাজাপুর (পূর্ব পাড়া) এলাকার মইন উদ্দিনের ছেলে মোঃ রুবেল (৩০) এবং তার স্ত্রী মোছাঃ রহিমা আক্তার (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চান্দুরা ইউনিয়নের সাতগাঁও এলাকায় সন্দেহভাজন একটি মোটরসাইকেল আটক করে পুলিশ। পরে মোটরসাইকেলের চালক ও আরোহীকে তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ০৬ (ছয়) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলটিসহ গাঁজা বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে পুলিশ এবং আসামিদের গ্রেফতার করা হয়।
বিজয়নগর থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতারকৃত রুবেল একজন চিহ্নিত ও কুখ্যাত মাদক কারবারি। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ইতিপূর্বে ১৩টি মাদক মামলা রয়েছে। এছাড়া তার সহযোগী ও স্ত্রী রহিমা আক্তারের বিরুদ্ধেও ২টি মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
এ বিষয়ে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।