শেখ জুনায়েদ,ব্রাহ্মণবাড়িয়া
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও সর্বস্তরের জনগণকে পবিত্র মক্কা আল-মুকাররমা থেকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক তুখোড় ছাত্রনেতা ভিপি জহিরুল হক (জহির)।
বর্তমানে পবিত্র হজব্রত পালনের জন্য সৌদি আরবে অবস্থানরত এই বিএনপি নেতা এক বার্তায় জানান, মহান আল্লাহর নির্দেশে প্রিয় বস্তু ত্যাগের এক অনন্য মহিমায় ভাস্বর ঈদুল আজহা। এই ঈদ আমাদের মাঝে ত্যাগের পাশাপাশি ধৈর্য, সহানুভূতি এবং সম্প্রীতির শিক্ষা দেয়।
ভিপি জহিরুল হক (জহির) তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, “আমি পবিত্র মক্কা ভূমিতে অবস্থান করলেও মনে-প্রাণে আমার জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের মানুষের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি। মহান আল্লাহর দরবারে আমার আকুল প্রার্থনা, এই পবিত্র ঈদের উসিলায় যেন আমাদের মাঝে শান্তি, ভ্রাতৃত্ববোধ এবং দেশের মানুষের মুক্তি ত্বরান্বিত হয়।”
তিনি আরও বলেন, উৎসবের এই আনন্দঘন মুহূর্তে সমাজের অবহেলিত ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আসুন, আমরা সবাই মিলে ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনে ভূমিকা রাখি।
পরিশেষে তিনি দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নিরাপদ জীবন কামনা করে আবারও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন।