ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-সিএনজি সংঘর্ষ: ধরমন্ডলের চালকসহ নিহত-২, আহত-২

মোঃ সোবেল মিয়া।

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার দক্ষিণ বেজুড়া এলাকায় বালুবোঝাই ড্রাম ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

​আজ বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বেজুড়া সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে।

​নিহত ও আহতদের পরিচয়:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা হলেন—নাসিরনগর উপজেলার ধরমন্ডল (৬নং ওয়ার্ডের) বাবু মিয়ার ছেলে অটোরিকশাচালক আক্কাস মিয়া (৩৮) এবং মাধবপুর উপজেলার রতনপুর গ্রামের মৃত প্রখ্যাত মৃত্তিকা বিজ্ঞানী ড. কামরুল আহসানের স্ত্রী মনোয়ারা খাতুন (৭০)।

​এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত তাকলিমা বেগম ও লিটন মিয়া নামের অন্য দুই যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য আধুনিক সদর হাসপাতাল ও ঢাকায় পাঠানো হয়েছে।


হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ বেজুড়া এলাকার একটি সেতুর ওপর যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা অপর একটি অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করছিল। ঠিক সে সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বালুবোঝাই ড্রাম ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আক্কাস মিয়া মারা যান।

​খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ, মাধবপুর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মনোয়ারা খাতুন নামের ওই নারী যাত্রীর মৃত্যু হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি অটোরিকশা উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *