নিজস্ব প্রতিনিধি
বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশন-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মাসুক হৃদয়। তাঁর এই নিয়োগে জেলার সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
মাসুক হৃদয় দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তিনি বর্তমানে দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দ্যা ডেইলি স্টার-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। মাঠপর্যায়ে অনুসন্ধানী ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তিনি ইতোমধ্যে পাঠক ও সহকর্মীদের আস্থা অর্জন করেছেন।
সাংবাদিক মহলের অভিমত, মেধা,যোগ্যতা ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবেই যমুনা টেলিভিশনের মতো জাতীয় গণমাধ্যমে তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি। স্থানীয় পর্যায়ের নানা সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় জাতীয় পর্যায়ে তুলে ধরতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মাসুক হৃদয়ের এই অর্জনে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শুভানুধ্যায়ী ও সহকর্মীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
নবনিযুক্ত জেলা প্রতিনিধি মাসুক হৃদয় তাঁর প্রতি আস্থা রাখায় যমুনা টেলিভিশন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনকল্যাণমুখী সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।