নিজস্ব প্রতিবেদক,
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট হারুন-অর-রশিদ (হারুন) গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের মানুষের প্রিয় এই প্রবীণ অভিভাবকের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের বর্তমান সংসদ সদস্য এবং জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
এক বার্তায় এমপি শ্যামল বলেন, “এডভোকেট হারুন-অর-রশিদ আমাদের সকলের শ্রদ্ধেয় মুরুব্বি ও অভিভাবক। ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়ন ও রাজনীতিতে তাঁর অবদান অবিস্মরণীয়। তিনি বর্তমানে অসুস্থ। আমি মহান আল্লাহর দরবারে ওনার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি। দলমত নির্বিশেষে ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগরবাসীসহ দেশবিদেশের সকলের কাছে ওনার সুস্থতার জন্য বিশেষ দোয়া প্রার্থনা করছি।”
উল্লেখ্য, বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব এডভোকেট হারুন-অর-রশিদ ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের চিফ হুইপ এবং জেলা বিএনপির সভাপতি হিসেবে দীর্ঘকাল অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। ওনার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।