মোবাইল ব্যাবহার নিয়ে মায়ের সাথে অভিমান: কলেজছাত্রীর আত্মহত্যা।

নিজস্ব প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোবাইল ব্যবহার নিয়ে মায়ের সঙ্গে কথা–কাটাকাটির পর তানিশা আক্তার (১৮) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। সোমবার (২৯ জুন) বিকেল তিনটার দিকে আখাউড়া পৌরসভার রাধানগর মুন্সিবাড়ি এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তানিশা ওই এলাকার দেলোয়ার হোসেন লিটন ও নারগিস আক্তারের মেয়ে। তিনি আখাউড়া গঙ্গাসাগর ক্যামব্রিয়ান কলেজের একাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে মোবাইল ব্যবহার নিয়ে তানিশার সঙ্গে তার মায়ের কথা–কাটাকাটি হয়। এর কিছু সময় পর পরিবারের সদস্যরা বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে তিনটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আখাউড়া থানার পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মায়ের সঙ্গে অভিমান থেকেই ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *