নিজস্ব প্রতিনিধি
২৪ এর গণঅভ্যুত্থান পুরোনো সুবিধাভোগীদের সরিয়ে নতুন সুবিধাভোগী তৈরির আন্দোলন ছিলো কিনা প্রশ্ন রেখেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল আশুগঞ্জ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ বুধবার সকালে সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তব্যে এই প্রশ্ন রাখেন। এসময় তিনি আরো বলেন, ২৪ এর গণঅভ্যুত্থান ছিল অন্যায়, নিপীড়ন, গুম, বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে নিয়ে নির্যাতনের বিরুদ্ধে। সাধারণ মানুষ একটি বৈষম্যহীন সমাজ চেয়েছিল। অভ্যুত্থানের ২ বছর পার হয়েছে। আমরা কি সেরকম একটা বাংলাদেশ রচনা করতে পেরেছি। যদি না পারি, তাহলে এই অভ্যুত্থান একটি সরকারের পরিবর্তে আরেকটি সরকার, কিছু সুবিধাভোগীর পরিবর্তে নতুন সুবিধাভোগী তৈরির আন্দোলন ছিলো। যদি তাই হয় তাহলে কেনো ৮শর উপর মানুষ জীবন দিলো, কয়েক হাজার মানুষ পঙ্গু হয়ে গেলো, আহত হলো, চোখ হারালো। তিনি জুলাই গণঅভ্যুত্থানের চেতনার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে জুলাই শহীদ পরিবারের সদস্যদের মধ্যে সম্মাননা স্মারক তুলে দেন।