নিজস্ব প্রতিনিধি
তরুণদের মাঝে মানবিক চিন্তাবোধ ও পাঠ্যাভ্যাস উন্নয়ন, জ্ঞানচর্চা এবং শিক্ষার্থীদের বই পাঠে উৎসাহিত করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ‘বই পড়া কর্মসূচি-২০২৬’ শীর্ষক প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর “বই পড়ি, দেশ গড়ি” নির্দেশনার আলোকে উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) সভাপতি এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে সদস্য সচিব করে মোট ১৫ সদস্যবিশিষ্ট এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
আজ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে এক সরকারি বিজ্ঞপ্তির (স্মারক নং: ০৫.৪২.১২১৩.০০০.০৬.০০২.২৬.১০৭৪) মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
উপজেলা পর্যায়ের এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন সহকারী কমিশনার (ভূমি), অফিসার্স ইনচার্জ (সদর থানা), ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষের প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের অধ্যক্ষের প্রতিনিধি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার।
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে প্রধান শিক্ষক (অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়) এবং প্রধান শিক্ষক (নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়) কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
শিক্ষানুরাগী ব্যক্তিত্ব হিসেবে কমিটিতে অন্যান্য সদস্যদের মধ্যে স্থান পেয়েছেন মধ্যপাড়ার জনাব মোঃ লিংকন ভূঁইয়া, কাউতলীর জনাব আবু ইসা, পাওয়ার হাউজ রোডের জনাব মোঃ শাহাদাত হোসেন এবং মৌলভীপাড়ার জনাব শামীম আরা বেগম।
কমিটি সূত্রে জানা গেছে, গঠিত এই নতুন কমিটি সদরের তরুণ ও শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার ইতিবাচক সংস্কৃতি ছড়িয়ে দিতে এবং প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে বাস্তবায়নে সার্বিক ভূমিকা পালন করবে।