ব্রাহ্মণবাড়িয়ায় ষষ্ঠ শ্রেণির ছাত্রের রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ।

নিজস্ব প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়া শহরের পাওয়ার হাউস রোড এলাকা থেকে মোহাম্মদ আনিসুর রহমান (১৩) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে ওই এলাকার একটি চারতলা ভবনের নিচতলার সিঁড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। নিহত আনিসুর রহমান নবীনগর উপজেলার লক্ষ্মীপুর সাতঘরহাটি গ্রামের আলকাছ মিয়া ও জাহানারা বেগমের ছেলে। তারা বর্তমানে ওই চারতলা ভবনের চতুর্থ তলায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। আনিসুর রহমান কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে কয়েক মাস আগে আনিসুর রহমানের এক চাচা খুন হন। ওই হত্যা মামলায় আনিসুরের বাবা আলকাছ মিয়া আসামি হওয়ায় তারা পরিবার নিয়ে শহরে ভাড়া বাসায় বসবাস করছিলেন। শুক্রবার রাতে ভবনের নিচতলার সিঁড়ির পাশে আনিসুরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

পরিবারের অভিযোগ, এ ঘটনার পেছনে আনিসুরের চাচাতো ভাইদের হাত থাকতে পারে। তবে পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. রকীব উর রাজা জানান, লাশের প্রাথমিক অবস্থা দেখে ঘটনাটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। পুলিশ লাশটি রাতেই ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *