নিজস্ব প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)-এর একটি আভিযানিক দল।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন শিমরাইলকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শিমরাইলকান্দি এলাকার মৃত হিরু মিয়ার ছেলে মোঃ জুয়েল মিয়া (২৮) এবং একই এলাকার নাজমুল হকের ছেলে মোঃ দিনাজ (৩০)।
এসআরবি-৯ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি টিম কালীবাড়ি এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, শিমরাইলকান্দি গ্রামের মোঃ জুয়েল মিয়ার দোচালা টিনসেড গোয়াল ঘরে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুপুর আনুমানিক ১:৪৫ টায় এসআরবির আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাদের আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের দেখানো মতে মোঃ জুয়েল মিয়ার লুঙ্গির ডান কোচ থেকে ১১৪ পিস এবং মোঃ দিনাজের প্যান্টের ডান পকেট থেকে ০৬ পিসসহ সর্বমোট ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।