নিজস্ব প্রতিনিধি
‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’-এর আহ্বায়ক কমিটিতে সম্মতি ও অনুমতি ছাড়াই নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম আজাদ। একই সাথে তিনি এই কমিটির সঙ্গে নিজের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
সম্প্রতি (২৮ সেপ্টেম্বর ২০২৬) জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র আশুগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। উক্ত কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম আজাদকে ‘সিনিয়র যুগ্ম-আহ্বায়ক’ পদে অন্তর্ভুক্ত করা হয়।
এ বিষয়ে এক জরুরি বিবৃতিতে আবুল হাশেম আজাদ বলেন, “উক্ত কমিটির বিষয়ে আমি সম্পূর্ণরূপে অবগত নই এবং আমার কোনো সম্মতি বা অনুমতি ছাড়াই আমার নাম ব্যবহার করা হয়েছে। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি এই কমিটির সাথে কোনোভাবেই যুক্ত নই এবং এর কোনো সিদ্ধান্ত বা কার্যক্রমের দায়ভার আমি বহন করব না।”
রাজনৈতিক শিষ্টাচার ও নৈতিকতার প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “দলীয় দায়িত্ববোধের জায়গা থেকে জানাচ্ছি যে, একজন ব্যক্তির নাম ও পরিচয় তাঁর সম্মতি ছাড়া কোনো রাজনৈতিক কমিটিতে ব্যবহার করা চরম অনৈতিক এবং বিভ্রান্তিকর। আমি সংশ্লিষ্ট সকলকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি এবং এই ভুলের অবিলম্বে সংশোধন দাবি করছি।”
অনুমোদিত কমিটির কাগজপত্রে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা এনসিপি কর্তৃক স্বাক্ষরিত এই কমিটিতে অনুমোদন প্রদান করেছিলেন জেলা আহ্বায়ক ও সদস্য সচিব। তবে নাম প্রকাশের পর শীর্ষ পদের নেতার এমন সরাসরি প্রত্যাখ্যান ও প্রতিবাদে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।