বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন।

নিজস্ব প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ক্ষুব্ধ এলাকাবাসী।

আজ সোমবার বিকেলে উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর এলাকায় স্থানীয় সচেতন গ্রামবাসীর উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে এলাকার বিপুল সংখ্যক নারী-পুরুষসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি স্থানীয় প্রধান প্রধান বাজার প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন— মোমেন মিয়া, মোঃ রফিকুল ইসলাম, এরশাদ মিয়া, ইমরান মিয়া ও আসিয়া বেগম।

বক্তারা বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজগর আলী ও মোক্তার মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে গত ২৮ সেপ্টেম্বর মোক্তার মিয়ার অনুসারীরা পার্শ্ববর্তী নরসিংদী জেলা থেকে ভাড়াটে সন্ত্রাসী এনে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও ব্যাপক লুটপাট চালায়। হামলাকারীরা এলাকা রণক্ষেত্রে পরিণত করতে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং নির্বিচারে গুলিবর্ষণ করে।

ওই সময় ক্ষুব্ধ গ্রামবাসীর গণপিটুনিতে নরসিংদী থেকে আসা এক সন্ত্রাসী নিহত হয় এবং অন্য একজনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

গ্রামবাসীর অভিযোগ, ওই ঘটনার পর থেকে মোক্তার ও তার বাহিনীর সন্ত্রাসীরা স্থানীয় সাধারণ মানুষকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। এতে বর্তমানে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

অবিলম্বে এই হামলা, লুটপাট ও চাঁদাবাজির সঙ্গে জড়িত মূল হোতাসহ সকল আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *