নিজস্ব প্রতিনিধি
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘ক্রিয়েটিভ এডুকেশন এন্ড প্রি স্কুল’-এর ২য় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বৃহস্পতিবার (৮ই অক্টোবর) সুর সম্রাট দ্য আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে ক্রিয়েটিভ এডুকেশন এন্ড প্রি স্কুল-এর সহকারী প্রধান শিক্ষক জনাব নাহিদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব শাফিয়া বেগম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মাসুদুর রহমান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ক্যাশিয়ার মোছাঃ তাছলিমা আক্তার।
অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব শাফিয়া বেগম বলেন, “শিশুদের কেবল বইয়ের পাতায় বন্দি রাখলে চলবে না, তাদের মেধা ও সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। ক্রিয়েটিভ এডুকেশন এন্ড প্রি স্কুল সুশিক্ষার পাশাপাশি কচি-কাঁচা মনগুলোকে যেভাবে বিকশিত করছে তা অত্যন্ত প্রশংসনীয়। ছোটবেলা থেকেই সঠিক নীতি-নৈতিকতা ও চমৎকার পরিবেশে শিক্ষা পেলে এই শিশুরাই আগামী দিনে দেশ ও জাতির কান্ডারী হয়ে উঠবে।”
সভাপতির বক্তব্যে সহকারী প্রধান শিক্ষক জনাব নাহিদা আক্তার উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও আনন্দদায়ক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা। প্রতিটি শিশুর ভেতরের সম্ভাবনাকে জাগিয়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মেলবন্ধনেরই বহিঃপ্রকাশ। এই সাফল্য ধারা ভবিষ্যতেও বজায় থাকবে বলে আমরা আশাবাদী।”
আলোচনা সভা ও শুভেচ্ছা পর্ব শেষে অনুষ্ঠিত হয় এক মনমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। এতে স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, কবিতা আবৃত্তি ও আকর্ষণীয় নৃত্য উপস্থিত সকলকে বিমোহিত করে।
সাংস্কৃতিক পর্ব শেষে ২য় সাময়িক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে মেধা পুরস্কার ও ফলাফল তুলে দেওয়া হয়। পুরষ্কার হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠে। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও বিপুল সংখ্যক অভিভাবকবৃন্দ উপস্থিত থেকে সম্পূর্ণ আয়োজনটিকে সাফল্যমণ্ডিত করে তোলেন।