নিজস্ব প্রতিনিধি,
ব্রাহ্মণবাড়িয়া সদর থানা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, চায়না রাইফেলের গুলি ও শটগানের কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ (এসআরবি-৯), সিলেট।
বুধবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক ৯:৪০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন শিমরাইলকান্দি এলাকার শিমরাইলকান্দি ব্রিজের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিলেট, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল জানতে পারে যে, শিমরাইলকান্দি ব্রিজের পাশে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা একটি কালো পলিথিন ব্যাগ ফেলে সুকৌশলে পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ভেতরে মোড়ানো অবস্থায় ০১টি বিদেশি পিস্তল, ০১টি পিস্তলের ম্যাগাজিন, ০১ রাউন্ড ৭.৬২ মি.মি. চায়না রাইফেলের গুলি এবং ০১ রাউন্ড ১২ বোরের শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশি পিস্তলের গ্রিপারের এক পাশে ইংরেজিতে “Sunmica INDUSTRIAL” লেখা রয়েছে। এছাড়া চায়না রাইফেলের গুলির এক পাশে “BOF 01 7.62×39” এবং শটগানের কার্তুজে “NOBEL 12 SPORT 12” লেখা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ সংক্রান্ত তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এসআরবি-৯ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস ও অপরাধ দমনে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।