নিজস্ব প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন, যাত্রীসেবার মানোন্নয়ন এবং টিকিট কালোবাজারি সিন্ডিকেটমুক্ত স্টেশন নিশ্চিত করার দাবিতে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপির কাছে স্মারকলিপি প্রদান করেছে সামাজিক সংগঠন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া।
স্মারকলিপিতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের অবকাঠামোগত আধুনিকায়ন ও সংস্কার, প্ল্যাটফর্মে পর্যাপ্ত ফ্যান ও বসার আসন স্থাপন, গুরুত্বপূর্ণ আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির সময় ও সংখ্যা প্রয়োজন অনুযায়ী বৃদ্ধি এবং যাত্রীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ ছাড়া টিকিট কালোবাজারি প্রতিরোধে কার্যকর নজরদারি, স্বচ্ছ টিকিট ব্যবস্থাপনা ও নিয়মিত অভিযান পরিচালনা, স্টেশনের নিরাপত্তা জোরদারে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন ও কার্যকর মনিটরিং নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
স্মারকলিপিতে যাত্রীদের জন্য পরিচ্ছন্ন শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি যাত্রীদের অভিযোগ গ্রহণ এবং দ্রুত প্রতিকারের জন্য কার্যকর অভিযোগ ব্যবস্থাপনা চালুর দাবিও তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী, সদস্য সচিব মোহাম্মদ সাবের হোসাইনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
সংগঠনটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রীসেবার মান বৃদ্ধি পাবে এবং যাত্রীরা নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও হয়রানিমুক্ত রেলসেবা পাবেন।