নবীনগরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় কলেজছাত্রীর মৃত্যু।

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় সোমাইয়া আক্তার (১৮) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কলেজে যাওয়ার পথিমধ্যে নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহত সোমাইয়া আক্তার কুমিল্লার মুরাদনগর উপজেলার রোয়াচালা দক্ষিণপাড়ার আমির হোসেনের মেয়ে। তিনি নবীনগরের রসুল্লাবাদ গ্রামে এক নিকটাত্মীয়ের বাড়িতে থেকে নবীনগর সরকারি কলেজে পড়াশোনা করতেন।

​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে সোমাইয়া ব্যাটারি চালিত অটোরিকশায় চড়ে কলেজে যাচ্ছিলেন। পথিমধ্যে নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল তাদের অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে অটো থেকে রাস্তায় পড়ে যান সোমাইয়া। এ সময় নিয়ন্ত্রণহীন ওই মোটরসাইকেলটি তার শরীরের ওপর দিয়ে চলে যায়। ​পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব কান্দি নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। তাঁর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে কলেজছাত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রাও তাঁর অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *