ব্রাহ্মণবাড়িয়ায় করাত চুরির সন্দেহে শাহিন হত্যা: মামলার পলাতক আসামি উমর আলী গ্রেফতার।

নিজস্ব প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাছ কাটার করাত চুরির সন্দেহে শাহিন মিয়া (২৯) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার ঘটনায় এজাহারনামীয় ২নং পলাতক আসামি উমর আলী (৪০)-কে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত বাহিনী স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। গত ১৫ নভেম্বর রাতে সরাইল উপজেলার শাহবাজপুর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) এসআরবি-৯, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত শাহিন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন নিদারাবাদ চৌধুরী মহল্লার বাসিন্দা ছিলেন। তিনি এলাকার বিভিন্ন স্থান থেকে খালি বোতল ও ভাঙারি মালামাল সংগ্রহ করে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় একটি স’মিল থেকে গাছ কাটার করাত চুরির ঘটনাকে কেন্দ্র করে বিবাদীরা শাহিনকে সন্দেহ ও চোর আখ্যা দিয়ে গালিগালাজ করেন। এর প্রতিবাদ করায় গত ৩১ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে নিদারাবাদ দেওয়ান বাজারসংলগ্ন স’মিলের সামনে তাঁর পথরোধ করা হয়।

এরপর আসামিরা তাঁকে একটি গাছের সঙ্গে বেঁধে লোহার রড, লোহার শাবল, দা ও কাঠের রুলসহ দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করেন, যার একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরবর্তীতে পরিবারের লোকজন তাঁকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া এবং অবস্থার অবনতি হলে ঢাকার রামপুরার ডেলটা হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১ নভেম্বর রাত পৌনে দশটার দিকে তিনি মারা যান। এই ঘটনায় নিহতের ভাই রাসেল বাদী হয়ে বিজয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর আসামিদের আইনের আওতায় আনতে এসআরবি ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ নভেম্বর রাত পৌনে আটটার দিকে এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার আভিযানিক দল সরাইল থানাধীন শাহবাজপুর ইউপির জিলানী পেট্রোল পাম্পের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায়। অভিযানে বিজয়নগর থানার হত্যা মামলার এজাহারনামীয় ২নং পলাতক আসামি উমর আলী (যাঁর বাড়ি বিজয়নগর উপজেলার নিদারাবাদ এলাকায় এবং পিতা কাসুম আলী) তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯-এর এমন অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *