নিজস্ব প্রতিনিধি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অবস্থান স্পষ্ট করে ব্যঙ্গাত্মক একটি স্ট্যাটাস দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘মুরগী হাল চাষ করতে না পারলেই রুমিন ফারহানা আওয়ামী লীগ করে।’
রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে জড়িয়ে সাম্প্রতিক নানা আলোচনা-সমালোচনার জবাবেই তিনি এমন মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এর একটি টকশোতে অংশ নিয়ে দেশের চলমান রাজনীতি ও জাতীয় সংলাপ প্রসঙ্গে বক্তব্য দেন রুমিন ফারহানা। সেখানে তিনি মন্তব্য করেন, দেশে আওয়ামী লীগের বড় একটি সমর্থক গোষ্ঠী রয়েছে এবং তাদের আলোচনার টেবিলের বাইরে রেখে কোনো সংলাপ করলে তা ‘জাতীয় সংলাপ’ হতে পারে না। পাশাপাশি দলটির অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করার কথাও বলেন তিনি।
ওই টকশোতেই তিনি সমালোচকদের উদ্দেশে বলেছিলেন, তাঁর এই বক্তব্যের পর অনেকেই তাঁকে ‘আওয়ামী লীগ’ বলে আখ্যা দেওয়ার চেষ্টা করবেন, তবে তিনি আওয়ামী লীগ করেন না এবং ভবিষ্যতেও করবেন না। টকশোর সেই বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান বিতর্কের রেশ ধরেই আজ ফেসবুকে এমন তীর্যক স্ট্যাটাস দিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এই সংসদ সদস্য।