আগরতলায় আ.লীগ নেতাদের অবস্থান: সীমান্তে স্বেচ্ছাসেবক দলকে সতর্ক থাকার আহ্বান দিলীপের

নিজস্ব প্রতিবেদক,

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল পৌঁছানোর খবরের পর ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকাগুলোতে নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ। বিশেষ করে জেলার কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সব পর্যায়ের নেতাকর্মীদের সীমান্ত এলাকায় নজরদারি রাখার নির্দেশনা দিয়েছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে দেলোয়ার হোসেন দিলীপ বলেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপ্রবেশ ঠেকাতে কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ভারতীয় সীমান্তবর্তী এলাকায় সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান করছি।

এর আগে বুধবার দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ভারতের ত্রিপুরার আগরতলাস্থ মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বিমানবন্দরে পৌঁছায় বলে খবর প্রকাশিত হয়। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে এই প্রতিনিধি দলে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ আরও বেশ কয়েকজন নেতা রয়েছেন।

আওয়ামী লীগ নেতাদের আগরতলায় অবস্থানের খবর ছড়িয়ে পড়ার পরপরই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত এলাকায় নিরাপত্তা ও টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

তবে সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *