আগরতলা সীমান্ত দিয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

নিজস্ব প্রতিবেদক,

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা সীমান্ত দিয়ে দেশে ফিরতে চাইলে তাঁকে কেউ বাধা দিতে পারবে না বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্তব্য করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি রবিউল হোসেন রুবেল। বুধবার (২৫ নভেম্বর) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে রবিউল হোসেন রুবেল লেখেন, ‘নেত্রী যদি আগরতলা দিয়ে আসতে চান, ইনশাআল্লাহ পৃথিবীর এমন কোনো শক্তি নেই, যা তাঁকে বাধা দিয়ে রাখতে পারবে। ব্রাহ্মণবাড়িয়ার জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ আওয়ামী পরিবারের প্রতিটি নেতাকর্মী ঢাল হবে শেখ হাসিনার নিরাপদ পদার্পণের জন্য।’

পোস্টের শুরুতে তিনি আরও উল্লেখ করেন, ‘এটা শুঁটকির ব্যবসা না যে কর ফাঁকি দিয়ে ইন্ডিয়া পাচার করে দেব বা ইন্ডিয়া থেকে পাচার করে নিয়ে আসব। এটা জাতির জনক বঙ্গবন্ধুর তনয়ার প্রত্যাবর্তন।’

স্থানীয় ও রাজনৈতিক সূত্রে জানা গেছে, বুধবার ভারতের আগরতলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকসহ দলটির কয়েকজন শীর্ষ নেতার অবস্থানের খবর ছড়িয়ে পড়ে। এই খবরের প্রেক্ষিতে বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর ও সীমান্ত এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এদিকে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এই নেতার ফেসবুক পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক মহল ও নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই পোস্টটির সমালোচনা করে মন্তব্য করছেন যে, সংগঠনের নেতাকর্মীরা নিজেরাই যেখানে আত্মগোপনে বা পলাতক রয়েছেন, সেখানে প্রকাশ্যে এমন নিরাপত্তা দেওয়ার ঘোষণা অবাস্তব। তবে এ বিষয়ে জেলা আওয়ামী লীগ বা ছাত্রলীগের দায়িত্বশীল অন্য কোনো নেতার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *