নিজস্ব প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ মো. মোহন মিয়া (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ (এসআরবি-৯)।
রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক রাত ৮টা ৫০ মিনিটে বিজয়নগর থানাধীন বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া এলাকার একটি পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোহন মিয়া বিজয়নগর উপজেলার কালাছড়া গ্রামের রুহুল আমিনের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কালাছড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রাত ৮টা ৫০ মিনিটে সেখানে পৌঁছালে এসআরবি দলটিকে দেখে ২/৩ জন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া করে মোহন মিয়াকে গ্রেপ্তার করা হলেও বাকিরা পালিয়ে যায়।
পরবর্তীতে আটককৃত ব্যক্তির হেফাজতে থাকা ৬টি পাটের বস্তার ভেতর থেকে কস্টেপ ও পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি জানায়, সে ও পলাতক আসামিরা পরস্পরের যোগসাজশে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজদের হেফাজতে রেখেছিল।
এ বিষয়ে এসআরবি-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।