ব্রাহ্মণবাড়িয়ায় এসআরবি-৯ এর অভিযান: অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ৫টি স্মার্টফোন উদ্ধার।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া সদর থানা এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ (এসআরবি-৯), সিলেট। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত ৫টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।

গত ১৩ অক্টোবর (মঙ্গলবার) রাত আনুমানিক ৮:১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

এসআরবি সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন ভাদুঘর খাদিমপাড়া এলাকার জুয়েল মিয়ার চায়ের দোকানের ভেতর কয়েকজন ব্যক্তি অনলাইনে জুয়া খেলছে—এমন গোপন সংবাদ পায় আইনশৃঙ্খলা বাহিনী। রাত ৮:৪৫ ঘটিকায় আভিযানিক দলটি সেখানে পৌঁছালে উপস্থিত ব্যক্তিরা কৌশলে পালানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করে ৫ জনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন:
১. মোঃ জুয়েল মিয়া (৩৬), পিতা- আক্কাছ মিয়া

২. মোঃ সিরাজুল ইসলাম (৫৪), পিতা- মৃত আবদুল গনি

৩. মোঃ রতন মিয়া (৪০), পিতা- মৃত সাঙ্গিদ মিয়া
৪. পল্টু সরকার (২৬), পিতা- বিধু চন্দ্র সরকার

৫. মোঃ দেওয়ান মিয়া (৩৩), পিতা- মোস্ত মিয়া
গ্রেপ্তারকৃত সকলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর এলাকায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, তারা স্থানীয় পর্যায়ে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করতেন। কমিশনের লোভে তারা বিভিন্ন সাধারণ মানুষকে CREX, CricketGuru, 9wickets, MelBet, Ges ONECricket-সহ বিভিন্ন অ্যাপস ব্যবহার করে জুয়া খেলায় উৎসাহিত করতেন এবং তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে মূল এজেন্টের কাছে পাঠাতেন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এসআরবি-৯ এর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ব্যাটালিয়নের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *