কসবা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে সাকিব (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
সোমবার (৫ মে) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাকিব কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা গুচ্ছগ্রামের মোতালেব হোসেনের ছেলে।
এর আগে রোববার গভীর রাতে ওই সীমান্তে গুলির ঘটনা ঘটে। এতে সুজন বর্মণ (৩৫) নামে এক ভারতীয় নাগরিকও গুলিবিদ্ধ হয়ে আহত হন।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, রোববার রাত পৌনে ১২টার দিকে মাদলা সীমান্তে বিএসএফের গুলিতে সাকিব নামে বাংলাদেশি এক তরুণ ও ভারতীয় এক নাগরিক গুলিবিদ্ধ হন। আহত সাকিবকে কুমিল্লা ও ভারতীয় নাগরিককে ঢাকায় পাঠান স্থানীয়রা। এরমধ্যে সাকিব চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা গেছেন। চিকিৎসাধীন ভারতীয় নাগরিকের বিস্তারিত জানার চেষ্টা চলছে। তবে কি কারণে তারা সেখানে গিয়েছিল তা জানা যায়নি।