জহির শাহ্ | বার্তা সম্পাদক
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশার চালক ও যাত্রীসহ দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের বড্ডাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— অটোরিকশাচালক মোহাম্মদ ইউসুফ (৫০) ও যাত্রী মুসলিম মিয়া (৫২)। দুজনের বাড়িই সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মুসলিম মিয়া পাইকারি সবজি কিনতে ইউসুফের চালিত অটোরিকশায় সরাইল বাজারের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা নাসিরনগরগামী একটি মাছবাহী ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম বলেন, “ঘটনার পর ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।”
স্থানীয়দের ভাষ্যমতে, সরাইল-নাসিরনগর সড়কটিতে ভারী যানবাহনের গতিবেগ ও নিয়ম না মানা দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে উঠেছে। এলাকাবাসী দ্রুতগতির যানবাহনের নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশি তৎপরতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।