ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের বেওয়ারিশ মরদেহ বহনকারী সিএনজি চালিত ভ্যানচালক ও সংগঠনের সক্রিয় সদস্য কাউসার মিয়া (৩০) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা–সিলেট মহাসড়কের সুহিলপুর এলাকায় তার চালিত ভ্যানগাড়িটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় তিনি নন্দনপুর এলাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভ্যান উল্টে যাওয়ার ফলে কাউসার মিয়ার ডান পায়ের তলায় গভীর ক্ষত সৃষ্টি হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত কাউসার মিয়া ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়া এলাকার বাসিন্দা। তিনি মুসা মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি মানবিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের একজন নিষ্ঠাবান ও নিবেদিতপ্রাণ সদস্য হিসেবে কাজ করে আসছেন। বিশেষ করে বেওয়ারিশ মরদেহ দাফনের কাজে কবর খোঁড়া ও দাফন কার্যক্রমে তিনি সর্বদা আন্তরিকভাবে যুক্ত থাকেন।
কাউসার মিয়া অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। অতীতেও বিভিন্ন সময়ে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর তার পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহযোগিতা করেছে। বর্তমান দুর্ঘটনার পরও তার চিকিৎসার যাবতীয় দায়িত্ব সংগঠনটির পক্ষ থেকেই বহন করা হচ্ছে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আজহার উদ্দিন বলেন, “কাউসার আমাদের সংগঠনের একজন নিবেদিতপ্রাণ সদস্য। তিনি গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব আমি নিয়েছি। প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে।”
তিনি আরও বলেন, সদর হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসকদের আন্তরিক সহযোগিতা কামনা করছি এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুরোধ কাউসার মিয়ার প্রয়োজনীয় অপারেশনটি যেন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালেই সম্পন্ন করা হয়।