ব্রাহ্মণবাড়িয়ায় তেল সিন্ডিকেটের আস্তানা থেকে ১০ হাজার লিটার ডিজেল জব্দ।

নিজস্ব প্রতিনিধি 
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের গোকর্ণ ঘাট এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির অশুভ পায়তারা নস্যাৎ করে দিয়েছে প্রশাসন। র‍্যাব-৯ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে জব্দ করা হয়েছে ১০ হাজার ১০০ লিটার তেল। একই সাথে শাস্তির মুখে পড়েছেন তিন অসাধু ব্যবসায়ী।
​মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন-এর নেতৃত্বে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদ ছিল, গোকর্ণ এলাকার কিছু অসাধু ব্যবসায়ী অনুমোদনহীনভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করে বাজারে তেলের কৃত্রিম সংকট তৈরি করছে। সাধারণ মানুষকে জিম্মি করে মুনাফা লোটার এই খবর পেয়েই মাঠে নামে প্রশাসন ও র‍্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের সদস্যরা।
অভিযান চলাকালে ওই এলাকার তিনটি খোলা তেলের দোকানে তল্লাশি চালিয়ে ১০ হাজার লিটার ডিজেল এবং ১০০ লিটার অকটেন উদ্ধার করা হয়। অবৈধভাবে জ্বালানি মজুতের অপরাধে অভিযুক্ত তিন ব্যবসায়ীকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন জানান, কোনোভাবেই বাজার পরিস্থিতি অস্থিতিশীল করতে দেওয়া হবে না। যারা অবৈধভাবে পণ্য মজুত করে সাধারণ মানুষের ভোগান্তি বাড়াবে, তাদের বিরুদ্ধে এ ধরনের কঠোর ব্যবস্থা ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *