নিজস্ব প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও তিলোত্তমা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ এপ্রিল (শুক্রবার) সকালে সামাজিক সংগঠন ‘বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়া’, ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’ এবং ‘ব্রাহ্মণবাড়িয়া নবদিগন্ত’-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সম্মানিত প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম (সিরাজ)। তিনি নিজে উপস্থিত থেকে স্বেচ্ছাসেবীদের উৎসাহিত করেন এবং পরিচ্ছন্ন ব্রাহ্মণবাড়িয়া গড়তে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন,ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো: আরিফ নূরুল আমিন (মামু আরিফ)।
অভিযান চলাকালে স্বেচ্ছাসেবীরা স্টেশনের প্ল্যাটফর্ম, রেললাইন সংলগ্ন এলাকা এবং চারপাশের পড়ে থাকা বর্জ্য পরিষ্কার করেন। এ সময় উপস্থিত অতিথিবৃন্দ বলেন, “পরিবেশ রক্ষা ও শহরকে সুন্দর রাখা আমাদের সবার নাগরিক দায়িত্ব। তরুণ প্রজন্মের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।”
উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী।