শেখ জুনায়েদ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নে সরকারি বিধি মোতাবেক হোল্ডিং ট্যাক্স আদায়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে স্থানীয় ইউনিয়ন পরিষদ। ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করতে এবং নাগরিক সেবা আরও বেগবান করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, হোল্ডিং ট্যাক্স আদায়ের জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় লোকবল নিয়োগ করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত এই কর্মীরা পর্যায়ক্রমে ইউনিয়নের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে নির্ধারিত ট্যাক্স সংগ্রহ করবেন।
এ বিষয়ে রামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান সেলিম ইউনিয়নবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পরিষদের রাজস্ব আদায়ের অংশ হিসেবে এই হোল্ডিং ট্যাক্স সংগ্রহ করা হচ্ছে। ইউনিয়নের সার্বিক উন্নয়নে এই ট্যাক্সের গুরুত্ব অপরিসীম।”
তিনি আরও বলেন, “একজন সচেতন নাগরিক হিসেবে সময়মতো হোল্ডিং ট্যাক্স পরিশোধ করা আমাদের নৈতিক দায়িত্ব। আমি আশা করি, রামরাইল ইউনিয়নের সকল স্তরের সম্মানিত নাগরিকবৃন্দ নিয়োগপ্রাপ্ত কর্মীদের সহযোগিতা করবেন এবং নির্ধারিত ট্যাক্স পরিশোধ করে ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডে অংশীদার হবেন।”
ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্যাক্স আদায়ের এই প্রক্রিয়াটি স্বচ্ছ ও সরকারি নিয়ম মেনেই সম্পন্ন করা হবে। এক্ষেত্রে সকল ইউনিয়নবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করা হয়েছে।