নিজস্ব প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুক মিয়া (৩০) নামে এক ওয়ার্কশপ কর্মীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উত্তর মোড়াইল এলাকায় অ্যাডভোকেট মিন্টু ভৌমিকের নির্মাণাধীন একটি ১০ তলা ভবনের ৩য় তলায় কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। তিনি শহরের উত্তর মোড়াইল এলাকার তোফায়েল আহমেদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মাসুক মিয়া উত্তর মোড়াইল এলাকার কাউসার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি আরও চারজনসহ মোট পাঁচজন শ্রমিক অ্যাডভোকেট মিন্টু ভৌমিকের নির্মাণাধীন ১০ তলা ভবনে কাজ করতে যান। তারপর সন্ধ্যার দিকে ভবনের তৃতীয় তলায় সেফটি অ্যাঙ্গেল বসানোর সময় একটি লোহার রড রাস্তার পাশের বিদ্যুতের লাইনের সঙ্গে স্পর্শ করলে মাসুক মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি নিচে দ্বিতীয় তলায় পড়ে গুরুতর আহত হন। এ ঘটনায় নাগর মিয়া (২৫) নামে আরও একজন শ্রমিক আহত হন। পরে আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাসুক মিয়াকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন ওয়ার্কশপ কর্মীর মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।