শফিকুল ইসলাম বাদল,ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর গ্রামের কৃতি সন্তান প্রবীণ মুরুব্বী ও লন্ডন প্রবাসী সালাউদ্দিন তুহিনের আব্বাজান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাফিজ উদ্দিন গত বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার বাদ জুম্মা নামাজের পর বিটঘর দক্ষিণপাড়া আবুল ওলাইয়া খনকা শরীফ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ধর্মীয় ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
পরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাফিজ উদ্দিনকে শেষ বিদায় জানানো হয়। এ সময় নবীনগর থানার পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। রাষ্ট্রীয় এই সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে জাতির এই সূর্যসন্তানের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।জানাজা ও দাফন অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন। তাঁরা বলেন, হাফিজ উদ্দিন ছিলেন দেশপ্রেম, সততা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান এলাকার মানুষ আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।এলাকাবাসী জানান, মরহুম ছিলেন অত্যন্ত সৎ, বিনয়ী ও মানবিক একজন মানুষ। সমাজের উন্নয়ন ও মানুষের কল্যাণে তিনি সবসময় কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোক বিরাজ করছে।
সবশেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।