নিজস্ব প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার উত্তর জগৎসার গ্রাম থেকে অজ্ঞাতনামা এক ভবঘুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৫২ বছর। ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেও তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
শুক্রবার (২২ মে ২০২৬) সকাল ৮টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের উত্তর জগৎসার গ্রামের খোয়াজুদ্দিনের বাড়ির পাশের একটি পুকুরের পাঁকা ঘাটলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন অবস্থায় বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। এলাকাবাসীর কেউই তার পরিচয় শনাক্ত করতে পারেননি। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে কোনো এক সময়ে উত্তর জগৎসার গ্রামের খোয়াজুদ্দিনের বাড়ির পাশের পুকুরের দক্ষিণ-পশ্চিম কোণের পাঁকা ঘাটলার ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। অসুস্থতাজনিত বা অজ্ঞাত কারণে তার মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির মুখে দাঁড়ি-গোঁফ ছিল। শরীরে কোনো কাপড় না থাকলেও তিনি একটি জিন্স প্যান্ট পরিহিত ছিলেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে যাচাই-বাছাই করেছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, পরিচয় শনাক্ত না হলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরকে অবহিত করা হবে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।