বিশেষ প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কিশোরী গণধর্ষণের চাঞ্চল্যকর মামলার অন্যতম পলাতক আসামি নাঈমকে (২৪) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯ ও এসআরবি-২)। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯:০০ ঘটিকায় সরাইল থানাধীন বাড়িউড়া এলাকার ১৪ বছর বয়সী এক কিশোরী স্থানীয় সিরাজুল উলুম মাদ্রাসায় ওয়াজ মাহফিল শুনতে বাড়ি থেকে বের হয়। ওত পেতে থাকা আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তাকে জোরপূর্বক অপহরণ করে বাড়িউড়া লাউধার খালের পুড়সংলগ্ন একটি নির্জন স্থানে নিয়ে যায়।
পরবর্তীতে আসামিরা কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে পর্যায়ক্রমে তাকে একাধিকবার ধর্ষণ করে। একপর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে কিশোরীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে আসামিরা রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় তাকে বাড়ির পার্শ্ববর্তী স্থানে ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় কিশোরীর কান্নাকাটি শুনে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা প্রাণনাশের হুমকি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
বাড়িতে ফিরে কিশোরী তার মাকে ঘটনাটি জানায়। রক্তক্ষরণ ও গুরুতর অসুস্থতার কারণে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে সরাইল থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং- ৩৬, তারিখ- ১৮/১০/২০২৬)। মামলা দায়েরের পর এসআরবি-৯ ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেফতারে তৎপরতা বৃদ্ধি করে।
গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৪:৩০ ঘটিকায় এসআরবি-৯ (সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া) এবং এসআরবি-৯ (সিপিসি-২, বসিলা, ঢাকা)-এর একটি যৌথ দল রাজধানীর মোহাম্মদপুর থানাধীন সাত মসজিদ রোডে অভিযান চালায়। অভিযানে মামলার এজাহারনামীয় ২ নং পলাতক আসামি নাঈমকে (২৪) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাঈম সরাইল থানাধীন বাড়িউড়া গ্রামের মোকলেছের ছেলে।
গ্রেফতারকৃত আসামিকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।