নিজস্ব প্রতিবেদক,
মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে শোষণ ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণের সাংস্কৃতিক আন্দোলনকে আরও জোরদার করার প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর ২০২৬) জেলা শহরের কাউতলীতে স্থানীয় বিভিন্ন স্তরের সংস্কৃতিকর্মী, সাংবাদিক এবং উদীচীর সাবেক ও বর্তমান কর্মীদের নিয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে শাহ আলম ভুঁইয়াকে আহ্বায়ক এবং করবী চক্রবর্তী ও বিদ্যুৎ বৈদ্যকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— তোফায়েল আহমেদ বুলবুল, নীহার রঞ্জন সরকার, রুনাক সুলতানা, সুদীপ্ত সাহা মিঠু, প্রবীর চৌধুরী রিপন, খালেদা মুন্নী, অভিজিৎ সাহা এবং মোঃ ইসমাইল।
সভায় কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম এবং কেন্দ্রীয় সদস্য রিপন আচার্য শিশির।
আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ ধারার মননশীল সংস্কৃতির বিকাশ এবং মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে সাংস্কৃতিক আন্দোলন বেগবান করার বিকল্প নেই। এ সময় উপস্থিত সকলে ব্রাহ্মণবাড়িয়ায় উদীচীর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।